স্বাধীনতা দিবসে বান্দরবানে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদ্যাপন উপলক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলায় জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে বান্দরবান স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামিম আরা রিনি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করা হয়।
পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথি কুচকাওয়াজে অংশগ্রহণকারী দলগুলোর প্যারেড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। বিভিন্ন দলের সমন্বয়ে সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন কুচকাওয়াজ উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানের শেষ পর্বে কুচকাওয়াজ ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী দল ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বান্দরবান পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মহান স্বাধীনতা দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধে বলীয়ান হয়ে দেশের উন্নয়নে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।