লংগদু থানা ও দুই পুলিশ ফাঁড়ি পরিদর্শন করলেন রাঙামাটির পুলিশ সুপার
আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্বারোপ
নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির লংগদু থানা এবং থানাধীন গুলশাখালী ও পাবলাখালী পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেছেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি এসব থানা ও পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার লংগদু থানায় কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি তাঁদের দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি থানার বিভিন্ন রেজিস্টার ও গুরুত্বপূর্ণ নথিপত্র পর্যালোচনা করেন এবং থানার সার্বিক কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও জনবান্ধব করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরে পুলিশ সুপার গুলশাখালী ও পাবলাখালী পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন এবং সেখানে কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। দুর্গম পাহাড়ি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, নিয়মিত টহল জোরদার এবং স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
এ সময় পুলিশ সদস্যদের পেশাদারত্ব, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনের নির্দেশনা দেন পুলিশ সুপার। পাশাপাশি তাঁদের আবাসন, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও কল্যাণসংক্রান্ত বিষয়েও খোঁজখবর নেন তিনি।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম এবং লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়াসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।