🟥 রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ২৫০ রোগীর খাবার বিতরণ শুরু
নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি রোগীদের জন্য খাবার বিতরণ কার্যক্রম আজ থেকে নতুনভাবে চালু হয়েছে। এখন থেকে প্রতিদিন সর্বোচ্চ ২৫০ জন ভর্তি রোগীর মাঝে সরকারি নিয়ম অনুযায়ী খাবার সরবরাহ করা হবে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এতদিন এটি ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হওয়ায় নিয়ম অনুযায়ী ১০০ জনের বেশি রোগীকে খাবার দেওয়া সম্ভব ছিল না। অথচ বাস্তবে প্রতিদিন গড়ে ১৬০ থেকে ১৭০ জনেরও বেশি রোগী ভর্তি থাকতেন। ফলে অতিরিক্ত রোগীদের খাবার সরবরাহ করা না যাওয়ায় প্রায়ই বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতো এবং রোগী ও স্বজনদের অসন্তোষের মুখে পড়তে হতো কর্তৃপক্ষকে।
কর্তৃপক্ষের ধারাবাহিক প্রচেষ্টার ফলে সম্প্রতি হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত হওয়ার অনুমোদন পেয়েছে। এর পরিপ্রেক্ষিতে আজ থেকে নতুন নিয়ম অনুযায়ী ২৫০ জন পর্যন্ত ভর্তি রোগীর খাবার সরবরাহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, সরকারি দাপ্তরিক ও কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগলেও ধাপে ধাপে ২৫০ শয্যা হাসপাতালের অন্যান্য সেবাও চালু করা হবে। তারা রোগী ও সাধারণ জনগণের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে পাশে থাকার অনুরোধ জানিয়েছেন।
এ উদ্যোগের ফলে রাঙ্গামাটির সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।