কাপ্তাইয়ে স্যাম্পল ওষুধ বিক্রি, ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাইয়ে ফিজিশিয়ান স্যাম্পলজাতীয় ওষুধ বিক্রির দায়ে বরইছড়ি বাজারের মা ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) পরিচালিত অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(গ) ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়। এ ঘটনায় মামলা নং ৪/২৬।
অভিযানে নেতৃত্ব দেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ঔষধ তত্ত্বাবধায়ক আবিদ আহসান এবং স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ তোফায়েল আহাম্মদ।
অভিযানকালে দুটি দোকানের লাইসেন্স যাচাই করে সঠিক পাওয়া যায়। তবে ফিজিশিয়ান স্যাম্পলজাতীয় ওষুধ বিক্রির দায়ে মা ফার্মেসিকে জরিমানা করা হয়। এ সময় অন্যান্য ওষুধের দোকানকেও সতর্ক করা হয়। ওষুধ বিক্রিতে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষায় ওষুধ বিক্রির ক্ষেত্রে আইন মেনে চলা বাধ্যতামূলক। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”