ডিসি কাপ ফুটবল: কাপ্তাই উপজেলা দলের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :
রাঙামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ (ডিসি কাপ) ফুটবল টুর্নামেন্ট–২০২৬ উপলক্ষে কাপ্তাই উপজেলা ফুটবল দলের খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়িতে কর্ণফুলী মিনি স্টেডিয়ামে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ফুটবলাররা অংশগ্রহণ করে নিজেদের দক্ষতা প্রদর্শন করেন। খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়নের মাধ্যমে আসন্ন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য কাপ্তাই উপজেলা দল গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
বাছাই কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, ক্রীড়া ব্যক্তিত্ব আসলাম খান, জামালউদ্দিন, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু এবং সাবেক ছাত্রনেতা মোশাররফ হোসেন অপুসহ স্থানীয় ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ।
দিলদার হোসেন বলেন, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি কাপ্তাই উপজেলা দলের সাফল্য কামনা করেন।