বাংলাদেশ, ভারতসহ ৪০ দেশের ডিম ও মুরগি আমদানিতে সৌদির নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক নিউজ ডেস্ক : বাংলাদেশ, ভারতসহ বিশ্বের ৪০টি দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে সৌদি আরব নিষেধাজ্ঞা জারি করেছে । দেশটির খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা Saudi Food and Drug Authority (এসএফডিএ) সম্প্রতি প্রকাশিত এক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, উচ্চমাত্রার রোগপ্রবণ বার্ড ফ্লু বা হাই প্যাথোজেনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (এইচপিএআই) ভাইরাসের প্রাদুর্ভাবের কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন দেশে এইচ৫এন১সহ এভিয়ান ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ ছড়িয়ে পড়ায় জনস্বাস্থ্য সুরক্ষায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় তাজা মুরগির মাংস ও ডিম আমদানি সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। তবে নির্দিষ্ট স্বাস্থ্যসনদ ও মানদণ্ড পূরণ সাপেক্ষে তাপ প্রক্রিয়াজাত কিছু পণ্য সীমিত আকারে আমদানির সুযোগ থাকতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নিষিদ্ধ দেশের তালিকায় বাংলাদেশ ও ভারত ছাড়াও চীন, দক্ষিণ কোরিয়া, ইরান, ইরাক, মেক্সিকো, নাইজেরিয়া, ফিলিপাইন, দক্ষিণ আফ্রিকা এবং ইউরোপের কয়েকটি দেশ রয়েছে। কিছু ক্ষেত্রে নির্দিষ্ট অঞ্চলভিত্তিক আংশিক নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাণিজ্যে এ ধরনের নিষেধাজ্ঞা সাধারণত সাময়িক হলেও তা সংশ্লিষ্ট দেশের পোলট্রি খাত ও রপ্তানিতে প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে আমদানিনির্ভর বাজারে সরবরাহ ও দামের ওপরও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।