রাজস্থলীতে ১৮ হাজার ৬০০ চারা বিতরণ
নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির রাজস্থলীতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিনামূল্যে ১৮ হাজার ৬০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজস্থলী রেঞ্জ বন বিভাগের কার্যালয় প্রাঙ্গণে রাজস্থলী, হ্নারা ও ধনুছড়ি রেঞ্জের যৌথ উদ্যোগে এ চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাজ্জাদুজ্জামান। সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য দীপেন দেওয়ানের প্রতিনিধি আবুল হাসেম মেম্বার ও রেঞ্জ কর্মকর্তা তুহিনুল ইসলাম।
আমলকী, বেল, তেঁতুল, সুপারি, নারকেল, মেহগনি, লোহাকাঠ, গর্জন ও দেবদারুসহ ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির চারা বিতরণ করা হয়। একই প্রকল্পের আওতায় কাপ্তাইয়ের ধনুছড়ি রেঞ্জে আরও ৫ হাজার চারা বিতরণ করা হয়েছে।
ডিএফও মো. সাজ্জাদুজ্জামান বলেন, পরিবেশ সংরক্ষণ ও পার্বত্য অঞ্চলে বনায়ন বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এসব গাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।