বৃষ্টিদুর্গত চন্দ্রঘোনায় জেলা পরিষদের খাদ্য সহায়তা
নিজস্ব প্রতিবেদক
সাম্প্রতিক ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে রাঙামাটি জেলা পরিষদ। সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বরাদ্দের আওতায় রাঙামাটি জেলা পরিষদের জন্য বরাদ্দকৃত খাদ্যশস্য থেকে এ কার্যক্রম পরিচালনা করা হয়। জেলা পরিষদের সদস্য ক্যাসিং মং মারমার নেতৃত্বে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত ৬১টি পরিবারের প্রত্যেককে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়। এছাড়া অন্যান্য উপকারভোগীদের মধ্যে ১০ কেজি হারে চাল দেওয়া হয়।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করতে জেলা পরিষদের জন্য বরাদ্দকৃত ৪০ মেট্রিক টন চালের অংশ হিসেবে চন্দ্রঘোনা ইউনিয়নে মোট ৮ হাজার ৫০০ কেজি চাল বিতরণ করা হয়েছে।
চাল বিতরণ অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইয়াসিন মামুন, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপকারভোগীরাও উপস্থিত থেকে খাদ্য সহায়তা গ্রহণ করেন।