🟥 বান্দরবানে প্রাথমিক শিক্ষা অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন
শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক প্রশাসনিক সেবার নতুন দিগন্ত উন্মোচন
নিজস্ব প্রতিবেদক:
শুক্রবার (০১মে) বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ৩০০ নং বান্দরবান আসনের জনাব সাচিং প্রু জেরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এবং বান্দরবান জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জনাব সাচিং প্রু জেরী বলেন, শিক্ষাই একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি। পার্বত্য অঞ্চলে শিক্ষার অবকাঠামো উন্নয়ন হলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নত হবে। তিনি নবনির্মিত শিক্ষা অফিস ভবনকে একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম সফল করতে শিক্ষক, প্রশাসন ও জনগণের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি। ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক, দক্ষ ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি অধ্যাপক থানজামা লুসাই বলেন, শিক্ষা খাতের উন্নয়নই একটি এলাকার টেকসই উন্নয়নের প্রধান ভিত্তি। নবনির্মিত ভবনটি শিক্ষা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পুলিশ সুপার মোঃ আবদুর রহমান বলেন, নবনির্মিত এই ভবন শুধু একটি অবকাঠামো নয়; এটি জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি শিক্ষার পরিবেশ উন্নয়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষিত, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বদা সহযোগিতা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। স্থানীয় প্রশাসন, শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।