রাত পোহালেই ভোটযুদ্ধ: কাপ্তাইয়ের ২২ কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম, নিরাপত্তা বলয়ে পুরো উপজেলা!

জাতীয় নির্বাচন ২০২৬ কাপ্তাই

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার ২২টি ভোটকেন্দ্রে বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর থেকে পর্যায়ক্রমে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করতে দেখা গেছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ রুহুল আমিন উপজেলা সদর থেকে সরাসরি উপস্থিত থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম তদারকি করেন। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের নেতৃত্বে বিভিন্ন যানবাহনে করে পুলিশ ও আনসার সদস্যদের উপস্থিতিতে সরঞ্জাম সংশ্লিষ্ট কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ রুহুল আমিন গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে সুশৃঙ্খল পরিবেশে নির্ধারিত সময়ের মধ্যেই সব নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।

কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহেদুল ইসলাম জানান, প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন। নির্বাচন স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। এই সময় আরোও উপস্থিত ছিলেন কাপ্তাই সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র,  কাপ্তাই  থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল।

প্রসঙ্গত, কাপ্তাই উপজেলার ২২টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৫০ হাজার ৯৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৬ হাজার ৪৪১ জন এবং নারী ভোটার ২৪ হাজার ৫১৮ জন। নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করবেন ২২ জন প্রিজাইডিং অফিসার, ৯৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১৯৮ জন পোলিং অফিসার।

রবিউল হোসেন চৌধুরি রিপন, কাপ্তাই
+ posts

Similar Posts

Leave a Reply