শিলছড়ি মহাজন পাড়ায় দীর্ঘদিনের পানির সংকট মিটলো
মোঃ জয়নাল আবেদীন:
দীর্ঘদিন ধরে পানির তীব্র সংকটে ভোগা কাপ্তাই উপজেলার শিলছড়ি মহাজন মার্মা পাড়ায় নতুন পানির ব্যবস্থাপনা কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রকল্পটি চালু হওয়ায় এলাকার বাসিন্দারা স্বস্তি ও আনন্দের অনুভূতি প্রকাশ করছেন।
শুক্রবার (৬ মার্চ) কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন অনুষ্ঠানে উপস্থিত থেকে পানির ব্যবস্থাপনা কার্যক্রম উদ্বোধন করেন। তিনি বলেন, “পানির অপর নাম জীবন। মানুষের মৌলিক চাহিদা পূরণে নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আশা করি, নতুন এই প্রকল্প শিলছড়ি মহাজন মার্মা পাড়ার বাসিন্দাদের দীর্ঘদিনের কষ্ট অনেকটাই লাঘব করবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, জাফর আহমেদ স্বপন, আনোয়ার হোসেন, ডালিম, মফিজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা জানান, পূর্বে পাড়ায় স্থায়ী বিশুদ্ধ পানির কোনো উৎস না থাকায় প্রায় ৬৯টি পরিবার চরম দুর্ভোগে পড়তে হয়েছিল। নতুন পানির ব্যবস্থাপনা চালু হওয়ায় তাদের দৈনন্দিন জীবনযাত্রায় স্বস্তি ফিরে এসেছে।