রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আইএমসিআই কর্নার পরিদর্শনে উচ্চ পর্যায়ের টিম, শিশু পুষ্টিতে জোর
নিজস্ব প্রতিবেদক:
শিশুস্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রম জোরদার করতে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, মহাখালী, ঢাকার একটি উচ্চ পর্যায়ের পরিদর্শন দল রাঙামাটি জেনারেল হাসপাতালের আইএমসিআই (IMCI) কর্নার পরিদর্শন করেছে।
সোমবার (৩০ মার্চ) অনুষ্ঠিত এ পরিদর্শনে দলটি শৈশবের অসুস্থতার সমন্বিত ব্যবস্থাপনা কার্যক্রমের আওতায় পরিচালিত পুষ্টি সেবার বিভিন্ন দিক সরেজমিনে পর্যবেক্ষণ করে। এ সময় শিশুদের অপুষ্টি দূরীকরণ, শিশু মৃত্যুহার হ্রাস এবং সুস্থ বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
পরিদর্শনকালে শিশুর গ্রোথ মনিটরিং, পুষ্টি মূল্যায়ন ও পরামর্শ প্রদান, ভিটামিন ‘এ’ ও কৃমিনাশক বিতরণ, মাতৃদুগ্ধের গুরুত্ব এবং সময়োপযোগী সম্পূরক খাদ্য গ্রহণ বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মায়েদের মধ্যে সচেতনতা বাড়াতে নিয়মিত স্বাস্থ্যশিক্ষা কার্যক্রম জোরদারের ওপরও গুরুত্ব দেন সংশ্লিষ্টরা।
পরিদর্শন দল রাঙামাটি জেনারেল হাসপাতালের চলমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে এবং এ কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করে।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা এবং আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।