চট্টগ্রাম বিমানবন্দরে পার্বত্যবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানকে কাপ্তাইবাসীর ফুলেল শুভেচ্ছা
জয়নাল আবেদীন, কাপ্তাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান-কে চট্টগ্রাম বিমানবন্দরে কাপ্তাইবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মন্ত্রী হিসেবে নিজ এলাকায় ফিরে আসায় আনন্দ-উচ্ছ্বাসে ভাসেন নেতাকর্মী ও সমর্থকরা।
বিমানবন্দরে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন। এছাড়াও জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তিনি কাপ্তাইবাসীর পক্ষ থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে দীপেন দেওয়ান অতীতেও আন্তরিক ছিলেন, ভবিষ্যতেও পার্বত্য এলাকার উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদী। অতীতে তিনি যেভাবে মানুষের পাশে ছিলেন, মন্ত্রী হিসেবেও সেই ধারাবাহিকতা বজায় রাখবেন।”
এ সময় কাপ্তাই ও পার্শ্ববর্তী এলাকার নেতাকর্মীরা স্লোগান ও শুভেচ্ছা বার্তায় মন্ত্রীকে অভিনন্দিত করেন। উপস্থিত অনেকেই বলেন, পার্বত্য অঞ্চলের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য খাতের অগ্রগতি এবং কর্মসংস্থান সৃষ্টিতে নতুন মন্ত্রীর সক্রিয় উদ্যোগ প্রত্যাশা করছেন তারা।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর এটি ছিল মন্ত্রী দীপেন দেওয়ানের প্রথম আনুষ্ঠানিক সফরগুলোর একটি। স্থানীয়দের বিশ্বাস, তার নেতৃত্বে পার্বত্য এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।