কক্সবাজারের কাছে ১৭০ রানে হারল রাঙামাটি
নিজস্ব প্রতিবেদক: ৪৪তম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫–২৬-এর “ই” গ্রুপের খেলায় চাঁদপুরে কক্সবাজার জেলা দলের কাছে ১৭০ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে রাঙামাটি জেলা দল। বুধবার অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে রাঙামাটি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে কক্সবাজার।
প্রথমে ব্যাট করে কক্সবাজার নির্ধারিত ওভারে ৩১৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে তোলে। দলের পক্ষে হাসান মুরাদ ৬৬, হুমায়ন ৪৩, তারিক ৫৫ ও হাসনাত ৭৫ রান করেন। রাঙামাটির বোলারদের মধ্যে জুয়েল দাস ও মোবারক হোসেন তিনটি করে উইকেট নেন।
৩১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাঙামাটি ব্যাটিং লাইনআপ শুরু থেকেই চাপে পড়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দলটি ১৪৬ রানে অলআউট হয়। জুয়েল দাস ৩৬, নজরুল ইসলাম ২১ ও রিয়াদ আলী ২১ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন।
কক্সবাজারের বোলার নোমান, হাসান মুরাদ ও হাসনাত গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে দলের বড় জয় নিশ্চিত করেন।
এই পরাজয়ের পর রাঙামাটির সামনে রয়েছে গ্রুপপর্বের শেষ ম্যাচ। আগামী ১ মার্চ হবিগঞ্জ জেলা দলের বিপক্ষে মাঠে নামবে তারা। দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মহিতোষ দেওয়ান এবং ম্যানেজার ফজলুর রশিদ।