তেহরানে হামলার পর ‘আগুনের নদী’, বিষাক্ত বৃষ্টির সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলি বিমান হামলার পর ইরানের রাজধানী তেহরানে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শহরের বিভিন্ন স্থানে তেলের ডিপোতে হামলার ফলে ছড়িয়ে পড়া জ্বালানি পয়োনিষ্কাশন ব্যবস্থায় মিশে গিয়ে নর্দমা ও সড়কের পাশে আগুন জ্বলতে দেখা গেছে। স্থানীয়দের ভাষায়, তেহরান যেন ‘আগুনের নদী’তে পরিণত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দীর্ঘ রাস্তা জুড়ে সুয়ারেজ লাইনের ভেতর দিয়ে আগুনের শিখা জ্বলছে। ধারণা করা হচ্ছে, তেলের ডিপোতে বিস্ফোরণের পর ছড়িয়ে পড়া জ্বালানি নর্দমায় জমে এ অগ্নিকাণ্ডের সৃষ্টি করেছে।
ইরানের তেল মন্ত্রণালয় জানিয়েছে, তেহরানের পশ্চিমাঞ্চলসহ আলবোর্জ প্রদেশের কারাজ শহর এলাকায় অন্তত তিনটি জ্বালানি স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বড় ধরনের পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।
পরিস্থিতি মোকাবিলায় ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি নাগরিকদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, বিস্ফোরণের ফলে বাতাসে ছড়িয়ে পড়া রাসায়নিকের কারণে বৃষ্টি বিষাক্ত হয়ে উঠতে পারে, যা ত্বক ও ফুসফুসের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। তাই বৃষ্টির সময় বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে তেহরান প্রদেশের গভর্নর জ্বালানি সরবরাহে চাপ সামাল দিতে সাময়িকভাবে ব্যক্তিগত কার্ডে দৈনিক জ্বালানি নেওয়ার সীমা ৩০ লিটার থেকে কমিয়ে ২০ লিটার নির্ধারণ করেছেন। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে আবার আগের সীমা বহাল করা হবে।