কাপ্তাইয়ে শামসুদ্দীন স্মৃতি কাপে চ্যাম্পিয়ন কেএইচএস ওয়ারিওর্স
নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র (কপাবিকে) আয়োজিত শহীদ প্রকৌশলী এ. কে. এম. শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কেএইচএস ওয়ারিওর্স চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তারা ৪-২ গোলে ডু অর ডাই একাদশকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
শুরু থেকেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি জমে ওঠে। দৃষ্টিনন্দন ফুটবল উপহার দিয়ে কেএইচএস ওয়ারিওর্স চারবার প্রতিপক্ষের জাল খুঁজে নেয়। ডু অর ডাই একাদশ দুটি গোল শোধ দিলেও শেষ পর্যন্ত শিরোপা নিজেদের করে নিতে পারেনি।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে কপাবিকের ব্যবস্থাপক প্রকৌশলী মাহামুদ হাসান বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদ প্রকৌশলী এ. কে. এম. শামসুদ্দীনের স্মৃতিকে অম্লান রাখতেই প্রতিবছর এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
এ সময় টুর্নামেন্টের আহ্বায়ক ও নির্বাহী প্রকৌশলী মো. কয়সুল বারী, নির্বাহী প্রকৌশলী সুফি আলম, উপপরিচালক চৌধুরী হাসান শরীফ, সহকারী প্রকৌশলী এরকিয়ারেম চৌধুরী ইমন, সহকারী পরিচালক (নিরাপত্তা) সাখাওয়াত কবির, সহকারী পরিচালক মামুনুর রশীদ, জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন কাপ্তাই শাখার সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেনসহ কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক নেতা ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
ম্যাচ পরিচালনা করেন রেফারি মাহাবুব হাসান। ধারাভাষ্য দেন ওসমান গনি তনু। খেলা শেষে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকে পুরস্কৃত করা হয়।
উল্লেখ্য, এবারের শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেয়।