কাপ্তাইয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া
মহানবীর জীবনাদর্শ অনুসরণের আহ্বান
নিজস্ব প্রতিবেদক
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবিকতা, ন্যায়পরায়ণতা ও মানবকল্যাণের শিক্ষা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বানের মধ্য দিয়ে রাঙামাটির কাপ্তাইয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুর দেড়টায় কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মডেল মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আহসান হাবিব বলেন, মহানবী (সা.) ছিলেন মানবতার সর্বোত্তম আদর্শ। তাঁর জীবন ছিল দয়া, ক্ষমা, সততা, ন্যায়পরায়ণতা ও মানবকল্যাণের অনন্য দৃষ্টান্ত। মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই ব্যক্তি ও সমাজজীবনে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি মহানবীর শিক্ষা নিজেদের জীবনে ধারণ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফেজ সুলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কাপ্তাই উপজেলা জামায়াতের আমির হারুনুর রশীদ, ইসলামিক ফাউন্ডেশন কাপ্তাইয়ের উপজেলা কেয়ারটেকার মাওলানা মুফতি আনোয়ার হোসেন সাইফি এবং কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেনের প্রতিনিধি ওসমান গনি তনু। অনুষ্ঠান সঞ্চালনা করেন মডেল মসজিদের খাদেম মাওলানা মোহাম্মদ মুহসিন বিন ক্বদীম।
বক্তারা মহানবী (সা.)-এর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তাঁর আদর্শ অনুসরণের মধ্য দিয়ে সমাজে শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতা আরও সুদৃঢ় করা সম্ভব।
অনুষ্ঠানে কাপ্তাই কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার মো. ইমাম ফখরউদ্দীন রাজীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।