কাপ্তাইয়ে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা
নিজস্ব প্রতিবেদক
ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাক-ঢোলের বাদ্য, মোটর শোভাযাত্রা এবং নানা সাজে শত শত নারী-পুরুষ ও ভক্তের অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে কাপ্তাইয়ের সড়ক।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে চন্দ্রঘোনা কেপিএম কয়লার ডিপু হরি মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রায় ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ, রাধা-কৃষ্ণের যুগলবন্দী, কংসরাজ, শিশু কৃষ্ণ, মা যশোদা ও দেবকীর সাজে অংশ নেন অনেকে। বিভিন্ন মন্দিরের ভক্ত, পূজারি, সনাতন ধর্মাবলম্বীসহ সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ এতে অংশ নেন।
শোভাযাত্রাটি কাপ্তাই সড়ক হয়ে উপজেলা সদর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। এর আগে কেপিএম কয়লার ডিপু হরি মন্দির প্রাঙ্গণে শোভাযাত্রার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সমলেন্দু বিকাশ দাশের সভাপতিত্বে এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য উথোয়াই মং মারমা।
প্রধান অতিথির বক্তব্যে উথোয়াই মং মারমা বলেন, বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। এ দেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। পাহাড়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কাপ্তাই উপজেলা আহ্বায়ক জগদীশ চন্দ্র দাশ।
এ সময় ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট রাঙামাটি জেলার যুগ্ম আহ্বায়ক রূপক মল্লিক রাতুল, কেপিএম কয়লার ডিপু হরি মন্দির পরিচালনা কমিটির কার্যকরী সভাপতি রতন কান্তি মল্লিক, ইউপি সদস্য নীলকান্ত মল্লিক, কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সন্তোষ বিকাশ দাশ এবং উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাপ্পা দেসহ সনাতন সম্প্রদায়ের ভক্তরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য। গীতা পাঠ করেন আশুতোষ মল্লিক।
পরে মহাশোভাযাত্রায় অংশগ্রহণকারী এবং ‘যেমন খুশি তেমন সাজ’ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে জন্মাষ্টমী উপলক্ষে একই দিন সকাল সাড়ে ৯টায় চন্দ্রঘোনা মিশন এলাকার শ্রী শ্রী গৌর নিতাই নামহট্ট বলরাম সংঘের উদ্যোগে পৃথক শোভাযাত্রা বের করা হয়। মন্দির প্রাঙ্গণ থেকে বের হয়ে শোভাযাত্রাটি মিশন এলাকা ও চন্দ্রঘোনা দোভাষী বাজার প্রদক্ষিণ করে লিচুবাগান কুষ্ঠ হাসপাতালে গিয়ে শেষ হয়। এতে উদ্বোধনী বক্তব্য দেন সংগঠনটির সভাপতি পালক মাধব দাস।