ডেঙ্গু প্রতিরোধে কাপ্তাইয়ে র্যালি ও সচেতনতামূলক সভা
নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাঙামাটির কাপ্তাইয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসন হলরুম কিন্নরীতে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি সচেতনতামূলক র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনগণের সচেতনতা জরুরি। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়িঘর ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমতে দেওয়া যাবে না। সম্মিলিত উদ্যোগেই ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা ডেঙ্গুর লক্ষণ, প্রতিরোধ ও করণীয় বিষয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন, উপজেলা জামায়াতের আমির হারুনুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব, সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি সাইমুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, ভাজ্য্যাতলী মৌজার হেডম্যান থোয়াইঅং মারমা ও এনজিও প্রতিনিধি বিজয় মারমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় হওয়ার আহ্বান জানান।