সোমবারের অভিযানে তবলছড়িতে অতিরিক্ত ভাড়া রোধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন
নিজস্ব প্রতিবেদক :
জনস্বার্থ রক্ষা ও সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে সোমবার (২৩ মার্চ) রাঙামাটি সদরের তবলছড়ি এলাকায় বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
ঈদ পরবর্তী যাত্রায় যাত্রীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট বাস মালিক ও চালকদের অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। একইসঙ্গে যাত্রীদের সুবিধার্থে নির্ধারিত ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানের অংশ হিসেবে জ্বালানি তেলের মূল্য স্বাভাবিক রাখা এবং গ্রাহকদের যথাযথ সেবা নিশ্চিত করতে তবলছড়ি এলাকার বিভিন্ন ফিলিং স্টেশনেও নিবিড় মনিটরিং কার্যক্রম চালানো হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনদুর্ভোগ লাঘব ও বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি, কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।