কাপ্তাইয়ে ডেঙ্গু সন্দেহে যুবকের মৃত্যু, নিশ্চিত নয় সংক্রমণ
পরীক্ষার ফল পজিটিভ এসেছিল বলে পরিবারের দাবি, হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা হয়নি
নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাইয়ে ডেঙ্গুতে আক্রান্ত সন্দেহে মো. জোবায়ের হোসেন (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যুর আগে তাঁর ডেঙ্গু সংক্রমণ পরীক্ষা করে নিশ্চিত করা সম্ভব হয়নি।
জোবায়ের হোসেন কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বিএফআইডিসি শিল্প এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর বাবার নাম মৃত গোলাম রসুল। পেশায় তিনি একজন দর্জি ছিলেন।
পরিবারের সদস্যদের ভাষ্য, গত পাঁচ থেকে ছয় দিন ধরে কাপ্তাই প্রজেক্ট এলাকার একটি স্থানে দর্জির কাজ করছিলেন জোবায়ের। এ সময় তাঁর মাঝে মাঝে জ্বর আসত। তবে শুরুতে তিনি জ্বরকে তেমন গুরুত্ব দেননি। পরে কাপ্তাই নতুন বাজার এলাকায় ডেঙ্গু পরীক্ষা করালে ফল পজিটিভ আসে বলে পরিবারের সদস্যরা দাবি করেন।
জোবায়েরের বড় ভাই জাহাঙ্গীর হোসেন জানান, শনিবার রাতে তাঁর ছোট ভাইকে গুরুতর অসুস্থ অবস্থায় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তাঁর মৃত্যু হয়।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা বলেন, ‘তিনি সন্দেহভাজন ডেঙ্গু রোগী ছিলেন। হাসপাতালে তাঁর ডেঙ্গু পরীক্ষা করা হয়নি। তবে তাঁর ডেঙ্গু হয়ে থাকতে পারে বলে আমরা আশঙ্কা করছি। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়েছে।’
এদিকে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানিয়েছেন।