রাঙামাটিতে মন্ত্রী দীপেন দেওয়ানের প্রথম সফর: জেলা পুলিশের গার্ড অব অনারে স্বাগত
রাঙামাটি প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান রাঙামাটি পার্বত্য জেলায় প্রথমবারের মতো সফর করেছেন। পার্বত্য অঞ্চলের সন্তান হিসেবে মন্ত্রীর এ আগমন স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) রাঙামাটি সার্কিট হাউসে পৌঁছালে জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, ফুলেল শুভেচ্ছা দিয়ে তাঁকে স্বাগত জানান। পরে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। সার্কিট হাউস প্রাঙ্গণে আয়োজিত কুচকাওয়াজ ও আনুষ্ঠানিক সালাম গ্রহণে জেলা পুলিশের পেশাদারিত্ব ও শৃঙ্খলার স্বচ্ছ ছাপ ফুটে উঠে।
এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিতরা জানিয়েছেন, মন্ত্রীর সফরের মাধ্যমে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় আরও দৃঢ় হবে এবং পার্বত্য অঞ্চলের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নতুন উদ্যম সৃষ্টি হবে।

সফরের সময় মন্ত্রী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন প্রকল্প এবং প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি বিশেষভাবে রাঙামাটি জেলা পুলিশের দক্ষতা ও পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার প্রচেষ্টা প্রশংসা করেন। জেলা পুলিশ সুপার জানান, মন্ত্রী হিসেবে প্রথম রাঙামাটি সফরটি তাদের জন্য গর্বের মুহূর্ত। তারা জনগণের সেবা ও দায়িত্ব পালনে আরও নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।
সফরের মাধ্যমে আশা করা হচ্ছে, পার্বত্য অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, জনসেবা বৃদ্ধি এবং সামাজিক শান্তি প্রতিষ্ঠায় নতুন গতি আসবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ সফর স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগের মধ্যে সমন্বয় বৃদ্ধির পাশাপাশি পার্বত্য অঞ্চলের মানুষের আস্থা ও নিরাপত্তা বৃদ্ধি করবে।