প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন কাপ্তাই কেপিএম স্কুলের ৯১ ব্যাচের ছাত্র ডা.জাহেদ উর রহমান: শিক্ষক ও সহপাঠীদের উষ্ণ অভিনন্দন
ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি)
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কেপিএম স্কুলের ৯১ ব্যাচের ছাত্র।
নাগরিক ঐক্যের যুগ্ম সম্পাদক ও টেলিভিশন আলোচক ডা.জাহেদ উর রহমান। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান যে কজন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন তাদের মধ্যে ডা.জাহেদ উর রহমানের নাম রয়েছে। তিনি কেপিএম এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান এর ছেলে বলে জানান তাঁর সহপাঠী বন্ধু ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন। জাকির হোসেন আরোও জানান,
কেপিএম স্কুলের এই মেধাবী শিক্ষার্থী ডা: জাহেদ উর রহমান ৯১ ব্যাচের ফাস্ট বয়। তাঁরা কেপিএম আবাসিক এলাকার শিশু বিদ্যালয় এর পাশে প্রথমে
সুরমা ভবন এবং পরে পদ্মা ভবনে বসবাস করতেন। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তের বাগ গ্রামে। আমরা বন্ধুদের পক্ষ হতে তাঁকে উষ্ণ অভিনন্দন জানাই।
এদিকে কেপিএম ৯১ ব্যাচের শিক্ষার্থী শেখ মাহফুজুর রহমান মাইকেল বলেন, ডা: জাহেদ উর রহমান কেপিএম স্কুল হতে আমাদের সাথে ৯১ সালে এসএসসি পাস করে পরে চট্টগ্রাম মহসিন কলেজ হতে এইচএসসি এবং ঢাকা মেডিকেল কলেজ হতে ডাক্তারি পাস করেন।
জাহেদ উর রহমান একজন বাংলাদেশি চিকিৎসক, কলাম লেখক, শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক। তিনি সংবাদমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক ইস্যু নিয়ে আলোচনার জন্য পরিচিত। তাঁর লেখা নিয়মিতভাবে প্রথম আলো, বাংলাট্রিবিউনসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। আমরা তাঁর সাফল্য দেখে সবাই খুবই খুশি। সেই যেন আরও অনেক উচ্চতায় পৌঁছাতে পারে এই কামনা করি।
এদিকে কেপিএম স্কুলের তাঁর বন্ধু সাংবাদিক জালাল উদ্দিন সাগর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
কেপিএম স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রসেনজিৎ তালুকদার বলেন, ডা.জাহেদ উর রহমান কেপিএম স্কুলের মেধাবী শিক্ষার্থী। বরাবরই সেই ক্লাসে ফাস্ট হতো। তাঁর এই সাফল্যে আমি তাঁকে উষ্ণ অভিনন্দন জানাই।