দুর্যোগ প্রস্তুতি দিবসে রাঙামাটিতে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া
আহমদ বিলাল খান, রাঙামাটি
“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে রাঙামাটিতে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙামাটি পার্বত্য জেলার তত্ত্বাবধানে মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০:৩০ মিনিটে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এই মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক নাজমা আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।
মহড়ায় ভূমিকম্প পরবর্তী দুর্যোগ এবং তাতে অনুসন্ধান, অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিষয়ক বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করা হয়। এ সময় বহুতল ভবনে অগ্নিনির্বাপণ এবং আটকে পড়া লোকদের উদ্ধার কৌশল, বিধ্বস্ত ভবনে সার্চ করার মাধ্যমে ভিকটিম লোকেট করা এবং প্রবেশ পথ তৈরি করে ভিকটিম উদ্ধার করা, প্রাথমিক সুশ্রূষা প্রদান, গুরুতর আহতদের হাসপাতালে পরিবহন ইত্যাদি প্রদর্শন করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙামাটি পার্বত্য জেলার সহকারী পরিচালক নিউটন দাস বিএফএম এর তত্ত্বাবধানে মহড়া পরিচালনা করেন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মুর্শিদুল ইসলাম। বিপুল সংখ্যক ভলান্টিয়ারও এই মহড়ায় অংশগ্রহণ করেন।
দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সমন্বিত উদ্ধার কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এই মহড়ার আয়োজন করা হয়।