প্রতিশোধ নয়, সহমর্মিতার রাজনীতি চাই। রাঙ্গুনীয়া জয়ের পর ঐক্যের বার্তা দিলেন হুমাম কাদের চৌধুরী
মাসুদ নাসির, রাংগুনিয়াঃ নির্বাচনে বিজয় মানেই প্রতিপক্ষকে দমন নয়—বরং বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে আসার অঙ্গীকার। এমন বার্তাই দিলেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী।
১২ ফেব্রুয়ারি রাঙ্গুনিয়া উপজেলার কাদের নগরে দলীয় নেতা–কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “বিজয় মানে অন্যদের ওপর অত্যাচার বা নিপীড়ন নয়। প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে। যারা নির্যাতনের শিকার হয়, তারাই জানে কষ্ট কতটা। নতুন রাজনীতি ও নতুন বাংলাদেশ গড়তে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
নির্বাচনের পর রাজনৈতিক সহনশীলতার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে পারস্পরিক শ্রদ্ধা ও মানবিক মূল্যবোধ অপরিহার্য। বিভেদ নয়, উন্নয়ন ও স্থিতিশীলতাই এখন সময়ের দাবি।
ব্যক্তিগত অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে হুমাম কাদের চৌধুরী জানান, তাঁর বাবা সালাউদ্দিন কাদের চৌধুরী তাঁকে শিখিয়েছিলেন সাহস ও মানবিকতার সঙ্গে রাজনীতি করতে। “অতীতের কষ্ট ও বিচ্ছিন্নতার অভিজ্ঞতা ভুলে সামনে এগোতে হবে। কঠিন সময়ে যারা পাশে ছিলেন, তাদের অবদান কখনো ভোলা যায় না,” বলেন তিনি।
সভায় উপস্থিত নেতা–কর্মীরা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং এলাকার উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। জয়ের পর ঐক্যের আহ্বান—রাঙ্গুনিয়ার রাজনৈতিক অঙ্গনে এ বার্তাই এখন আলোচনার কেন্দ্রে।