রাঙ্গামাটিতে জ্বালানি তেল বিক্রয় কেন্দ্রে যৌথ অভিযান: মজুদে অনিয়ম মেলেনি
নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি
রাঙামাটি সদর উপজেলার রিজার্ভ বাজার এলাকায় জ্বালানি তেল বিক্রয় কেন্দ্রগুলোতে জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে একটি যৌথ অভিযান ও মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে।
বুধবার (২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), রাঙামাটি সদর এবং অতিরিক্ত পুলিশ সুপারের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেসার্স নন্দী এন্টারপ্রাইজ ও মেসার্স লিটন কুমার দে নামীয় প্যাকড পয়েন্ট বিক্রেতাদের জ্বালানি তেলের গুদাম পরিদর্শন করে মজুদের অবস্থা যাচাই করেন।
এ সময় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর সরবরাহ স্লিপের সাথে গুদামে থাকা জ্বালানি তেলের মজুদের কোনো অসামঞ্জস্য পাওয়া যায়নি বলে জানানো হয়।
অভিযানকালে প্যাকড পয়েন্ট বিক্রেতাদের যথাযথভাবে বিক্রয় রেজিস্টার সংরক্ষণ, লঞ্চ ও অন্যান্য গণপরিবহনকে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ এবং মার্চ ২০২৫ ও মার্চ ২০২৬ মাসের জ্বালানি তেলের বরাদ্দের পরিমাণ জনসম্মুখে দৃশ্যমানভাবে প্রদর্শনের জন্য নির্দেশনা প্রদান করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।