চাপ কমাতে খুলল কাপ্তাই বাঁধের গেট
নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাই লেকের পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট আংশিক খুলে দেওয়া হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খোলার পর কর্ণফুলী নদীতে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি প্রবাহিত হতে শুরু করে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সূত্র জানায়, শনিবার সকাল ১০টায় কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৪ দশমিক ০৮ ফুট এমএসএলে পৌঁছায়। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লেকে পানির প্রবাহ বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, বর্তমানে কেন্দ্রের পাঁচটি উৎপাদন ইউনিট চালু রয়েছে। এসব ইউনিট থেকে প্রায় ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি টারবাইনের মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে।
এর আগে ১৬ জুলাই বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ সম্ভাব্য পানি নিঃসরণের বিষয়ে সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, কাপ্তাই লেকের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। পানির প্রবাহ আরও বাড়লে পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে জলকপাট আরও খুলে দেওয়া হতে পারে।
পানি ছাড়ার ফলে কর্ণফুলী নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নদীর পানির প্রবাহ ও সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে শনিবার পানি নিঃসরণের পরিস্থিতি পরিদর্শন করেন রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আলমগীর হোসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম এবং জেলা প্রশাসন ও কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।