কাপ্তাইয়ে জুলাই শহীদ দিবস পালনে প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাইয়ে আগামী ১৬ জুলাই জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম।
সভায় বক্তব্য দেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং এবং কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির হারুনুর রশীদ।
সভায় সরকারি কর্মসূচি অনুযায়ী আগামী ১৬ জুলাই কাপ্তাইয়ে জুলাই শহীদ দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ উপলক্ষে সব দপ্তর ও সংশ্লিষ্ট পক্ষের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রস্তুতি সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।