সাংবাদিক সৈকতের মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
ডিবিসি নিউজের রাঙামাটি জেলা প্রতিনিধি ও রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরীর মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন জেলার সাংবাদিকেরা। বৃহস্পতিবার (১৩ আগষ্ট) সাড়ে ১১টার দিকে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিককে সাদাপোশাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় সাংবাদিক সমাজে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁরা সৈকত রঞ্জন চৌধুরীর মুক্তি এবং সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিনসহ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা মানববন্ধনে বক্তব্য দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাঙামাটি জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমনকে ডিবির সদস্যরা আটক করে নিয়ে যাওয়ার সময় সেখানে যান সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরী। পরে তাঁকেও আটক করে ঢাকায় নেওয়া হয়।
রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব জানান, ঢাকার একটি মামলার বিষয়ে ডিবির একটি দল রাঙামাটিতে এসেছিল। পরে দুজনকেই ঢাকায় নিয়ে যাওয়ার কথা জানা যায়।
পরবর্তী সময়ে ঢাকার শাহবাগ থানায় করা একটি মামলায় সৈকত রঞ্জন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
মানববন্ধনে বক্তারা বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে আইন অনুযায়ী তদন্ত ও বিচার হতে পারে। তবে একজন সাংবাদিককে আটকের ঘটনায় স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। তাঁরা দ্রুত বিষয়টি পরিষ্কার করে সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীর মুক্তির দাবি জানান।