কাপ্তাই জোন কমান্ডারের সবুজ বার্তা
শিশু নিকেতনে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ
নিজস্ব প্রতিবেদক
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন প্রজন্মের মধ্যে সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে রাঙামাটির কাপ্তাই শিশু নিকেতন স্কুলে বৃক্ষরোপণ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই জোন (৩৮ বীর)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল কাদির শুভ, পিএসসি। তিনি বিদ্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। পরে শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন।
এ সময় জোন কমান্ডার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তিনি সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার পাশাপাশি অপ্রয়োজনীয়ভাবে গাছ কাটা থেকে বিরত থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহেনা আক্তার, কাপ্তাই জোনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের কর্মসূচি শুধু শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে তোলে না, বরং তাদের মধ্যে প্রকৃতিপ্রেম, দায়িত্ববোধ এবং সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকারও জোরদার করে। উপস্থিত শিক্ষার্থীরাও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।