কাপ্তাইয়ে হাতি রক্ষায় বন বাঁচানোর আহ্বান, ১০০ শিক্ষার্থীর হাতে চারা
নিজস্ব প্রতিবেদক
খাদ্য ও আবাসস্থলের সংকটে লোকালয়ে হাতির প্রবেশ ঠেকাতে হাতির চলাচলের করিডোর উন্মুক্ত রাখা এবং বন রক্ষার আহ্বান জানিয়েছেন বক্তারা। একই সঙ্গে হাতির কাছে গিয়ে ছবি বা ভিডিও ধারণ না করে নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশ্ব হাতি দিবস উপলক্ষে বুধবার (১২ আগস্ট) রাঙামাটির কাপ্তাইয়ে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় এসব কথা বলেন তাঁরা।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম। কাপ্তাইয়ের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জামাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা ফজলে রাব্বি সরকার ও কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান।
বন বিভাগের কর্মকর্তারা জানান, ২০২৪ সালে কাপ্তাই জাতীয় উদ্যানে হাতির সংখ্যা ছিল ৩৬টি। বর্তমানে তা বেড়ে আনুমানিক ৪২ থেকে ৪৫টিতে দাঁড়িয়েছে। বনাঞ্চলে খাবারের সংকট ও আবাসস্থল সংকুচিত হওয়ায় হাতি লোকালয়ে চলে আসছে। এতে মানুষ ও হাতির সংঘাতের ঝুঁকি বাড়ছে।
বক্তারা বলেন, হাতির আবাসস্থল রক্ষা শুধু বন্যপ্রাণী সংরক্ষণ নয়, মানুষের নিরাপত্তার জন্যও জরুরি। লোকালয়ে হাতি এলে বন বিভাগকে খবর দেওয়ার পাশাপাশি হাতির চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার আহ্বান জানান তাঁরা।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে শিক্ষার্থী, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
পরে ১০০ শিক্ষার্থীর মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।