চট্টগ্রামে রাগেশ্রী সংগীত বিদ্যালয়ের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক


চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হতে যাচ্ছে রাগেশ্রী সংগীত বিদ্যালয়ের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আগামী বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকীর পাশাপাশি একই মঞ্চে ধ্রুব সংস্কৃতি পরিষদের অধীনে অনুষ্ঠিত বার্ষিক সংগীত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হবে। এছাড়া সংগীত, নৃত্য, আবৃত্তি ও যন্ত্রসংগীতের মনোমুগ্ধকর পরিবেশনায় সাজানো হয়েছে মূল সাংস্কৃতিক পর্ব।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ, বাংলাদেশ অর্থনীতি সমিতির চট্টগ্রাম চ্যাপ্টারের সহসভাপতি খোরশেদুল আলম কাদেরী, মাছরাঙা টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো ইনচার্জ ও বাচিক শিল্পী নাজমুল আলিম সাদেকী এবং ধ্রুব সংস্কৃতি পরিষদ বাংলাদেশের সাধারণ সম্পাদক স্বরূপ দেবনাথ।
রাগেশ্রী সংগীত বিদ্যালয়ের সভাপতি ঝুলন দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ সম্মাননা জানানো হবে তিন গুণী শিল্পীকে। তারা হলেন— সংগীত প্রযোজক পাপিয়া আহমেদ, বেতার ও টেলিভিশন শিল্পী রাজেশ সাহা এবং বিশিষ্ট বাংলা ঢোলবাদক শিবু জলদাস। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বাচিক শিল্পী তামান্না ইসলাম।
সাংস্কৃতিক পর্বে রাগেশ্রী সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীদের একক ও সমবেত সংগীত এবং বৃন্দ আবৃত্তির পাশাপাশি বিদ্যালয়ের নৃত্য বিভাগের শিক্ষার্থীদের দলীয় পরিবেশনা, কালার্স একাডেমির পরিবেশনা এবং দলীয় যন্ত্রসংগীত অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করবে।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় দায়িত্বে রয়েছেন— সংগীত পরিচালনায় বেতার শিল্পী রীপা বড়ুয়া, নৃত্য পরিচালনায় শ্রেয়া দাশ, আবৃত্তি পরিচালনায় মিথুন বড়ুয়া এবং দলীয় যন্ত্রসংগীত পরিচালনায় প্রাঙ্গন বড়ুয়া। এছাড়া কালার্স একাডেমির দল পরিচালনা করবেন ফরহাদ শাহরুখ।
আয়োজকেরা জানান, সংগীত ও সংস্কৃতিচর্চার প্রসার ঘটানো, শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং গুণী শিল্পীদের সম্মাননা জানানোর লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। নির্ধারিত সময়ে অনুষ্ঠান সফল করতে সুধীজন ও সংস্কৃতিপ্রেমীদের আন্তরিক উপস্থিতি কামনা করেছেন রাগেশ্রী সংগীত বিদ্যালয়ের সভাপতি ঝুলন দত্ত ও অধ্যক্ষ পপি বড়ুয়া।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

Leave a Reply