কাপ্তাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ৫৪ সদস্য মোতায়েন
নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাই উপজেলায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপন এবং পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হচ্ছে। উপজেলার নয়টি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন ৩৬ জন প্রশিক্ষণপ্রাপ্ত পুরুষ ও ১৮ জন নারী সদস্য। তাঁরা ১৫ অক্টোবর থেকে ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দিকনির্দেশনা এবং জেলা কমান্ড্যান্টের আদেশক্রমে এ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) কাপ্তাইয়ে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে এক ব্রিফিং অনুষ্ঠিত হয়। পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, দায়িত্ব বণ্টন, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দর্শনার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করতে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকেয়া পারভীন।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন এবং বাহিনীর সুনাম অক্ষুণ্ন রাখার বিষয়ে সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেনও বক্তব্য দেন। তিনি পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ, শৃঙ্খলা বজায় রাখা এবং উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকেয়া পারভীন জানান, চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিচালকের সঙ্গে অনুষ্ঠিত কনফারেন্সে পাওয়া নির্দেশনার আলোকে সদস্যদের দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা হয়েছে। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা রক্ষা এবং দায়িত্ব সুষ্ঠুভাবে বণ্টনের বিষয়ে তাঁদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষক রানা ভট্টাচার্য, প্রশিক্ষিকা এবং পিসি আমজাদ হোসেন ও এপিসি মোছলে উদ্দিনসহ আনসার ও ভিডিপির অন্যান্য সদস্যরা।