বর্ষার পানিতে ঘুরে দাঁড়াল কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র

টানা বর্ষণে লেকের পানি রুল কার্ভের অনেক ওপরে; পাঁচ ইউনিটে একযোগে উৎপাদন, জাতীয় গ্রিডে যাচ্ছে ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক

টানা কয়েক দিনের বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানিতে ভরে উঠেছে রাঙামাটির কাপ্তাই লেক। কয়েক সপ্তাহ আগেও পানির স্বল্পতায় দেশের একমাত্র জলবিদ্যুৎকেন্দ্র কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিকে) মাত্র একটি বা দুটি ইউনিট চালু রাখা সম্ভব হয়েছিল। কিন্তু লেকে পানির উচ্চতা দ্রুত বাড়ায় এখন কেন্দ্রটির পাঁচটি ইউনিটই একযোগে বিদ্যুৎ উৎপাদন করছে। ফলে জাতীয় গ্রিডে জলবিদ্যুতের সরবরাহও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

কপাবিকে সূত্র জানায়, গত মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে কেন্দ্রটির পাঁচটি ইউনিট একযোগে চালু করা হয়। সেদিন মোট ১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হলেও শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টা পর্যন্ত উৎপাদন বেড়ে দাঁড়ায় ১৭৯ মেগাওয়াটে।

কপাবিকের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, গত সাত দিন ধরে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানির উচ্চতা দ্রুত বাড়ছে। এ কারণে কেন্দ্রটির পাঁচটি ইউনিটই এখন সচল রয়েছে। তিনি জানান, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ১ ও ২ নং ইউনিট থেকে ৪২ মেগাওয়াট করে মোট ৮৪ মেগাওয়াট, ৩ নং ইউনিট থেকে ৩৫ মেগাওয়াট এবং ৪ ও ৫ নং ইউনিট থেকে ৩০ মেগাওয়াট করে মোট ৬০ মেগাওয়াট উৎপাদিত হচ্ছে। সব মিলিয়ে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ। কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট।

কেন্দ্রটির কন্ট্রোল রুম সূত্র জানায়, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে ৯০ দশমিক ৩১ ফুট (মিন সি লেভেল)। অথচ রুল কার্ভ অনুযায়ী এ সময়ে পানির উচ্চতা থাকার কথা ছিল ৮৫ দশমিক ৪৪ ফুট। অর্থাৎ নির্ধারিত মাত্রার তুলনায় প্রায় ৪ দশমিক ৮৭ ফুট বেশি পানি রয়েছে, যা বিদ্যুৎ উৎপাদনের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকলে কাপ্তাই লেকে পানির প্রবাহ আরও বাড়বে। এতে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন আরও বাড়ানোর সুযোগ তৈরি হবে এবং জাতীয় গ্রিডে জলবিদ্যুতের সরবরাহও বৃদ্ধি পাবে।

প্রসঙ্গত, দেশের একমাত্র জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণভাবে কাপ্তাই লেকের পানির ওপর নির্ভরশীল। লেকটির সর্বোচ্চ ধারণক্ষমতা সমুদ্রপৃষ্ঠ থেকে ১০৮ ফুট (মিন সি লেভেল)।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে প্রযুক্তির সনদ হাতে ৪০ তরুণ, কর্মসংস্থানের স্বপ্ন

    ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে দুই মাসের প্রশিক্ষণ শেষে যুবক–যুবতীদের হাতে সনদ নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে দুই মাসব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ শেষে সনদ পেয়েছেন ৪০ জন যুবক-যুবতী। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়…

  • পানির নিচে রাঙামাটির ঝুলন্ত সেতু, চলাচল বন্ধ

    নিজস্ব প্রতিবেদক টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে রাঙামাটির পর্যটনের অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতুর পাটাতন তলিয়ে গেছে। নিরাপত্তার কারণে সেতুটিতে পর্যটক চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। এর…

  • 🟥 কাপ্তাইয়ে ৯০ ক্ষুদে হলদে পাখির দীক্ষা গ্রহণ

    সনদ ও পোশাক বিতরণ, শিশুদের নৈতিক শিক্ষা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বারোপ নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের উদ্যোগে ৯০ জন ক্ষুদে হলদে পাখি স্কাউটদের দীক্ষা গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দীক্ষা শেষে অংশগ্রহণকারী শিশুদের মাঝে সনদপত্র ও পোশাক বিতরণ…

  • কাপ্তাইয়ে নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী

    নিজস্ব প্রতিবেদক: শিশু, কিশোর-কিশোরী ও নারীর সামগ্রিক উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাপ্তাই উপজেলায় অনুষ্ঠিত হয়েছে উঠান বৈঠক ও সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কাপ্তাই উপজেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলার কাপ্তাই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে “শিশু, কিশোর-কিশোরী ও নারী…

  • কাপ্তাইয়ে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ১২৮ জন

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ের দুর্গম বাকছড়ি পাড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ আর ই ব্যাটালিয়ন। সোমবার (৩১ আগস্ট) হাজাছড়া দায়িত্বপূর্ণ এলাকার বাকছড়ি পাড়া কিয়াং ঘরে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। হাজাছড়া আনসার ক্যাম্প থেকে প্রায় দেড় কিলোমিটার উত্তরের এ…

  • গলায় ফাঁস দিয়ে কাপ্তাইয়ের মধুছড়িতে এক ব্যক্তির আত্মহত্যা

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটির  কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের   মধুছড়ি নামক স্থানে নিজ  গৃহে গলায় ফাঁস দিয়ে বিশ্বজিৎ কর্মকার(৬৬)  নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। আজ বুধবার (১ এপ্রিল)  দুপুর ১ টায় এই ঘটনা ঘটে বলে জানান …

Leave a Reply