তীব্র গরমে সুস্থ থাকতে সতর্কতা জরুরি: পানি, বিশ্রাম ও সচেতনতায় নিরাপদ থাকুন
নিজস্ব প্রতিবেদক:
তীব্র গরমে সুস্থ থাকতে ব্যক্তিগত সচেতনতা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সারাদিনে কমপক্ষে ২.৫ থেকে ৩ লিটার নিরাপদ পানি পান করা শরীরের পানিশূন্যতা রোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি রাস্তাঘাটে তৈরি অস্বাস্থ্যকর খাবার ও পানীয় পরিহারের পরামর্শ দেওয়া হয়েছে।
গরমের মধ্যে দীর্ঘসময় বাইরে অবস্থান করলে মাঝে মাঝে ছায়াযুক্ত বা ঠান্ডা স্থানে বিশ্রাম নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী একাধিকবার গোসল করা শরীরকে স্বস্তি দেয়। এসময় সাদা বা হালকা রঙের ঢিলেঢালা সুতি কাপড় পরিধান করলে তাপের প্রভাব কম পড়ে।
বিশেষজ্ঞরা আরও বলেন, ডায়াবেটিস, কিডনি রোগ, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের গরমের সময়ে বাড়তি সতর্ক থাকতে হবে এবং প্রয়োজন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একই সঙ্গে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের প্রতিও গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
স্বাস্থ্য সংক্রান্ত যেকোনো পরামর্শের জন্য সরকার পরিচালিত “স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩” নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।