শিলছড়িতে পাগলা কুকুরের তাণ্ডব: কামড়ে আহত দুই শিশু, হাসপাতালে চিকিৎসাধীন
মো. জয়নাল আবেদীন
রাঙামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি এলাকায় পাগলা কুকুরের কামড়ে দুই শিশু গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শিলছড়ি ভেলুয়া পাড়া ও শিলছড়ি বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
আহত শিশুদের মধ্যে উচিংনু মারমা (৬ মাস), পিতা ইমন মারমা, ভেলুয়া পাড়ার বাসিন্দা এবং অপর শিশু মুহাইমিন (৫ মাস), পিতা জমির উদ্দিন, শিলছড়ি বাজার এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ একটি পাগলা কুকুর এলাকায় তাণ্ডব চালিয়ে দুই শিশুকে কামড়ে গুরুতরভাবে আহত করে। এ সময় আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে শিশুদের উদ্ধার করে কাপ্তাই উপজেলার বড়ইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বর্তমানে আহত দুই শিশু বড়ইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইলিয়াস জানান, আহত শিশুদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যথাযথ চিকিৎসায় তারা দ্রুত সুস্থ হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, শিলছড়ি এলাকার বিশিষ্ট সমাজসেবক জাফর আহমদ স্বপন বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ আন্তরিকতার সঙ্গে শিশুদের চিকিৎসা দিচ্ছে। তিনি চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আহত শিশুদের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত পাগলা কুকুরটি ধরার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।