রাঙ্গামাটিতে হাম-রুবেলা টিকাদান শুরু, পার্শ্বপ্রতিক্রিয়া মোকাবিলায় প্রস্তুতি জোরদার

নিজস্ব প্রতিবেদক:


রাঙ্গামাটি পার্বত্য জেলায় সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হয়েছে ২১ দিনব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি, যা চলবে আগামী ১০ মে পর্যন্ত। জেলার বিভিন্ন টিকাকেন্দ্রে একযোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

টিকাদান-পরবর্তী সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলার লক্ষ্যে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে একইদিনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা।

কর্মশালায় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. অমিত দে, আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান, ডা. জয়ধন তঞ্চঙ্গ্যা সহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।

আলোচনায় চিকিৎসকরা জানান, হাম-রুবেলার টিকা নিরাপদ ও কার্যকর। টিকা গ্রহণের পর ইনজেকশনস্থলে ব্যথা, ফোলা, লালভাব বা হালকা জ্বর স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে দেখা দিতে পারে। তবে বিরল ক্ষেত্রে উচ্চ জ্বর, অ্যালার্জি বা খিঁচুনির মতো সিস্টেমিক প্রতিক্রিয়াও হতে পারে।

এছাড়া ভুল পদ্ধতিতে ইনজেকশন প্রয়োগ বা টিকা সংরক্ষণে ত্রুটির কারণেও জটিলতা দেখা দিতে পারে বলে উল্লেখ করা হয়।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা অভিভাবকদের উদ্দেশে বলেন, টিকা নেওয়ার পর শিশু অসুস্থ বোধ করলে আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে এবং টিকা কার্ড সংরক্ষণসহ স্বাস্থ্যকর্মীর পরামর্শ মেনে চলতে হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, সচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতিমূলক এ ধরনের উদ্যোগের মাধ্যমে জেলায় টিকাদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন হবে।

+ posts

Similar Posts

Leave a Reply