🟥 কাপ্তাইয়ে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান
নিজস্ব প্রতিবেদক:
পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২৩ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী আয়োজিত এ অভিযানে নেতৃত্ব দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম। কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এরশাদ বিন শহীদ, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. শাহ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন এবং মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা।
পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন স্থান থেকে ময়লা-আবর্জনা অপসারণ করা হয় এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে জনসচেতনতা তৈরির আহ্বান জানানো হয়।
ইউএনও রায়হানুল ইসলাম বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ শুধু সৌন্দর্যই বাড়ায় না, এটি মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত এ ধরনের উদ্যোগের মাধ্যমে একটি সুন্দর ও বাসযোগ্য উপজেলা গড়ে তোলা সম্ভব।”