কাপ্তাইয়ে দুর্গম পাহাড়ে চিকিৎসার আলো, বিনামূল্যে চিকিৎসাসেবা দিল ১১ আরই ব্যাটালিয়ন
মো. জয়নাল আবেদিন:
দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ আরই ব্যাটালিয়ন। কাপ্তাইয়ের হাজার মানিক এলাকায় চিকিৎসা ক্যাম্প করে অসহায়, দুস্থ, দরিদ্র মানুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। দুর্গম পাহাড়ি এলাকার দূর-দূরান্ত থেকে চিকিৎসাসেবা নিতে অসহায় মানুষ ও শিশুরা ক্যাম্পে আসেন।
ক্যাম্পে ব্যাটালিয়নের মেডিকেল কর্মকর্তারা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।
সেনাপ্রধানের দিকনির্দেশনায় ১১ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাজু আহমেদ পিএসসির তত্ত্বাবধানে এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়।
১১ আরই ব্যাটালিয়ন সূত্র জানায়, দুর্গম ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ভবিষ্যতেও এ ধরনের বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত থাকবে।