বজ্রপাতের ঝুঁকি কমাতে কাপ্তাই হ্রদে বসছে ৬৬ ‘সুরক্ষা ঢাল’
জেলেদের নিরাপত্তায় প্রায় ৫ কোটি টাকার প্রকল্প পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক
কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের ঝুঁকিতে থাকা জেলেদের নিরাপত্তায় বসানো হচ্ছে ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র। প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. মীর হোসেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে কাপ্তাই মৎস্য উপকেন্দ্রে গিয়ে প্রকল্পের কাজ পরিদর্শন করেন তিনি। এ সময় মৎস্য উপকেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সড়কসহ প্রয়োজনীয় উন্নয়নকাজের আশ্বাস দেন।
‘হ্রদ মৎস্য উন্নয়ন কেন্দ্রে বজ্র নিরোধক যন্ত্র স্থাপন’ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৪ কোটি ৯৪ লাখ ২৭ হাজার ৪০০ টাকা। চুক্তিমূল্য ৪ কোটি ৮২ লাখ ৯৯ হাজার ৫৯২ টাকা। ২০২৫ সালের জুলাইয়ে শুরু হওয়া প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ২০২৭ সালের জুনে।
বিএফডিসি চেয়ারম্যান মো. মীর হোসেন বলেন, কাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবে। এতে হ্রদে মাছ ধরতে যাওয়া জেলেসহ সংশ্লিষ্টরা বজ্রপাতের ঝুঁকি থেকে অনেকাংশে সুরক্ষা পাবেন।
পরে কাপ্তাই মৎস্য উপকেন্দ্রে মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মৎস্য সমিতির সভাপতি মো. বেলাল হোসেন, সম্পাদক নবী হোসেন ও সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।