কাপ্তাইয়ে গান-কবিতা-তুলিতে নজরুলচর্চা
নিজস্ব প্রতিবেদক
গানের সুর, কবিতার ছন্দ আর রঙের তুলিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকে তুলে ধরছে কাপ্তাইয়ের শিশুরা। নজরুল বর্ষ উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা। এতে উপজেলার ৫৩টি প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম।
নজরুলসংগীত, নজরুলের কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন—এই তিন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে প্রথম দিনের প্রতিযোগিতা।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মো. রায়হানুল ইসলাম বলেন, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ পাচ্ছে। এ ধরনের আয়োজন শিশুদের মেধা ও মননের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন ও সহকারী শিক্ষা কর্মকর্তা আঁখি তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন কর্ণফুলী সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক পলাশ মুৎসুদ্দী, বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুলন দত্ত, চিত্রশিল্পী সুজিত সূত্রধর ও ত্রিদীপ মুৎসুদ্দী।
আয়োজকেরা বলেন, প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে নজরুলের সাহিত্য ও সংস্কৃতিচর্চার প্রতি আগ্রহ তৈরি হবে। গান, কবিতা ও চিত্রাঙ্কনের মাধ্যমে শিশুরা নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার চেতনাকে ধারণ করার সুযোগ পাচ্ছে।