কাপ্তাইয়ে নকল ‘গুরুদেব’ আগরবাতি, দুই দোকানে জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্যাকেট দেখে আসল মনে হলেও ভেতরে নকল আগরবাতি! রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এমন অভিযোগের সন্ধান মিলেছে। একই অভিযানে রোহিঙ্গাদের জন্য বরাদ্দ ‘নট ফর সেল’ লেখা সাবানও বাজারে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। দুই ঘটনায় দুই দোকানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাইখালী বাজারে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করে চন্দ্রঘোনা থানা-পুলিশ।
অভিযানসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আজগর আলী স্টোরে ‘ইন্ডিয়ান গুরুদেব’ আগরবাতির আদলে তৈরি খালি প্যাকেটে নকল আগরবাতি ভরে প্যাকেটজাত করে বাজারজাত করা হচ্ছিল। এ ঘটনায় দোকানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে কিছু পণ্য জব্দ করে তার একটি অংশ ঘটনাস্থলে জনসম্মুখে ধ্বংস করা হয়। বাকি কিছু পণ্য আলামত হিসেবে চট্টগ্রামে নেওয়া হয়েছে।
অন্যদিকে খাজা স্টোরে রোহিঙ্গাদের জন্য বরাদ্দ ‘নট ফর সেল’ লেখা সাবান বিক্রির অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় দোকানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেবনাথের নেতৃত্বে অভিযানে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদা আক্তার এবং স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. তোফায়েল আহাম্মদ উপস্থিত ছিলেন।
অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যবসায়ীদের নকল ও অবৈধ পণ্য বিক্রি না করা এবং প্রচলিত আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করেন।