কাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন চিৎমরম
নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাইয়ে উপজেলা পর্যায়ের দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চিৎমরম উচ্চ বিদ্যালয়। রানারআপ হয়েছে নারানগিরি উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় উপজেলার আটটি বিদ্যালয় অংশ নেয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, রাঙামাটির সহযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ আয়োজন করে।
বিতর্কে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ের পক্ষে-বিপক্ষে যুক্তি, তথ্য ও মতামত তুলে ধরে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্ক শেষে চিৎমরম উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং নারানগিরি উচ্চ বিদ্যালয় রানারআপ হয়।
প্রধান অতিথি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সততা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা জরুরি। আগামী দিনের নেতৃত্বকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন করে গড়ে তুলতে হবে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এনামুল হাজারী বলেন, শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহাদাত হোসেন বলেন, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা তৈরির কাজ শুরু করতে হবে।
অনুষ্ঠানে উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, গণমাধ্যমকর্মী কাজী মোশারফ হোসেন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ইস্রাফিল হোসেন বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সৈয়দ মাহমুদ হাসান।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।