কাপ্তাইয়ে নজরুল বর্ষের আয়োজনে মেতে উঠল শতাধিক শিশু
নিজস্ব প্রতিবেদক
নৃত্য, অভিনয়, গান ও কবিতায় মেতে উঠল কাপ্তাইয়ের শতাধিক শিশু। বিদ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য-সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করতে রাঙামাটির কাপ্তাইয়ে আয়োজিত দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষ হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতার সমাপনী দিনে উপজেলা পরিষদ মিলনায়তনে নৃত্য ও অভিনয় প্রতিযোগিতা হয়। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এ আয়োজনে উপজেলার ৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম বলেন, ‘কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতির কবি। শিশুদের মধ্যে নজরুলের সাহিত্য, সংগীত ও দর্শনের চর্চা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।’
দুই দিনের আয়োজনে কবিতা, গান, নৃত্য, অভিনয় ও চিত্রাঙ্কনসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নজরুলের কবিতা ও গানের মাধ্যমে শিক্ষার্থীরা সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা তুলে ধরে।
অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জিন্নাতুন নাহার, সহকারী শিক্ষা কর্মকর্তা আঁখি তালুকদার, অভিনেতা আনিছুর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, সহকারী শিক্ষা কর্মকর্তা আঁখি তালুকদার, অভিনেতা আনিছুর রহমান, নৃত্যশিল্পী সুপর্ণা বাড়ৈ ও সঙ্গীতা দত্ত এনি।