কাপ্তাইয়ে ২৩ যুবক-যুবতীর এসি-ফ্রিজ মেরামত প্রশিক্ষণ
নিজস্ব প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রামের স্থানীয় যুবকদের কারিগরি দক্ষতা বাড়িয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে এসি ও ফ্রিজ মেরামত প্রশিক্ষণ শুরু হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) কাপ্তাই ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে শান্তি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ‘এসি ও ফ্রিজ মেরামত প্রশিক্ষণ-২০২৬’ শুরু হয়। দুই সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ চলবে ১ অক্টোবর পর্যন্ত। এতে স্থানীয় ২৩ জন যুবক-যুবতী অংশ নিচ্ছেন।
প্রশিক্ষণে এসি ও ফ্রিজের বিভিন্ন যন্ত্রাংশের পরিচিতি, বৈদ্যুতিক সংযোগ, কম্প্রেসর, কনডেনসার, ইভাপোরেটর, থার্মোস্ট্যাট ও রেফ্রিজারেন্ট ব্যবস্থাপনা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা দেওয়া হবে। পাশাপাশি গ্যাস চার্জিং, গ্যাস লিকেজ শনাক্তকরণ, সার্ভিসিং, ত্রুটি নির্ণয় ও মেরামতের বিষয়েও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
১১ আর ই ব্যাটালিয়ন সূত্র জানায়, প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় বেকার যুবকদের কারিগরি জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বাড়বে। প্রশিক্ষণ শেষে তারা নিজ উদ্যোগে এসি ও ফ্রিজ মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ করে আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন।
ব্যাটালিয়নের পক্ষ থেকে বলা হয়, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও আর্থিক স্বাবলম্বিতা অর্জনের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।