কাপ্তাইয়ে নদীতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু
নিখোঁজের ৪০ ফুট দূরেই মিলল মরদেহ
নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সীতার পাহাড় এলাকার পাথরঘাটা নামের স্থানে এ ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টার উদ্ধার অভিযানের পর বিকেলে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৪০ ফুট দূরে নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাদিজ শাহরিয়ার সানম নরসিংদীর রায়পুরা উপজেলার মামুদপুর এলাকার বাসিন্দা। তিনি একজন কলেজছাত্র। তাঁর বাবা মো. নাছির উদ্দিন অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি)।
স্থানীয় সূত্র জানায়, ঢাকা ও নরসিংদী এলাকা থেকে ১২ জনের একটি পর্যটক দল কাপ্তাইয়ের সীতার পাহাড়ে বেড়াতে আসে। ঘোরাঘুরি শেষে দুপুরে তাঁরা কর্ণফুলী নদীর পাথরঘাটা এলাকায় গোসল করতে নামেন। একপর্যায়ে সাদিজ পানিতে নামার পর স্রোতের মধ্যে নিখোঁজ হন।
কাপ্তাই সীতাঘাট মন্দিরের অধ্যক্ষ জ্যোতির্ময়ানন্দ মহারাজ ও ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের সদস্য সরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাত হোসেন বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। কর্ণফুলী নদীতে জোয়ারের স্রোত বেশি থাকায় অভিযান কিছুটা কঠিন হচ্ছিল। পরে রাঙামাটি থেকে ডুবুরি দল এসে যোগ দেয়। কাপ্তাই নৌবাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেমের ডুবুরি দল ও থানা-পুলিশও উদ্ধারকাজে সহযোগিতা করে।’
পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৪০ ফুট দূরে পানির নিচ থেকে সাদিজের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা বলেন, ‘হাসপাতালে তাঁকে মৃত অবস্থায় আনা হয়েছে। পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে।’
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মাহমুদুল হাসান রুবেল বলেন, মরদেহ উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম ও থানার ওসি শেখ মো. মাহমুদুল হাসান রুবেল।