দীর্ঘ প্রতীক্ষার পর বিজয়, মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীপেন দেওয়ান
পলাশ চাকমা, রাঙামাটি।
রাঙামাটি–২৯৯ আসনে বিপুল ভোটে নির্বাচিত বিএনপি মনোনীত সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীতে মহাসচিবের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
দীর্ঘ সময় পর রাঙামাটি আসনে বিএনপির বিজয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে যে উৎসাহ তৈরি হয়েছে, তারই প্রতিফলন দেখা যায় এ সাক্ষাতে। নির্বাচনে বিজয়ের জন্য দীপেন দেওয়ানকে অভিনন্দন জানান দলের মহাসচিব এবং পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণে অগ্রাধিকারভিত্তিক কাজ করার আহ্বান জানান।
এ সময় দীপেন দেওয়ান বলেন, পাহাড়ের মানুষের যে আস্থা ও ভালোবাসা তিনি পেয়েছেন, তা তার কাছে বড় প্রাপ্তি। তিনি প্রতিশ্রুতি দেন— যতদিন দায়িত্বে থাকবেন, ততদিন পাহাড়ের মানুষের উন্নয়ন ও অধিকার রক্ষায় নিজেকে নিবেদিত রাখবেন।
সাক্ষাৎকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির সহ দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, আগামীর রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম নিয়েও এ সময় সংক্ষিপ্ত আলোচনা হয়।