কাপ্তাইয়ে কফি–কাজুবাদাম চাষে দক্ষ জনবল গড়ে তুলতে বারির প্রশিক্ষণ
রাইখালী কৃষি গবেষণা কেন্দ্রে তিন পার্বত্য জেলার ৩০ বৈজ্ঞানিক সহকারীর অংশগ্রহণ, শেষে কৃষকদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ
নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত কফি ও কাজুবাদামের আধুনিক চাষাবাদ প্রযুক্তি ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) অনুষ্ঠিত এ প্রশিক্ষণে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার ৩০ জন বৈজ্ঞানিক সহকারী অংশ নেন।
কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে আয়োজিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন বারির পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা। তিনি বলেন, পাহাড়ি অঞ্চলে কফি ও কাজুবাদাম চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ জ্ঞান মাঠপর্যায়ে ছড়িয়ে দিতে দক্ষ জনবল গড়ে তোলা জরুরি। এতে উৎপাদন বাড়ার পাশাপাশি কৃষকদের আয়ও বৃদ্ধি পাবে।
রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আতিকুর রহমান, পাহাড়তলী কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মনিরুজ্জামান এবং রামগড়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. এমদাদুল হক। স্বাগত বক্তব্য দেন বান্দরবান সদর সরেজমিন গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সেলিম।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা কফি ও কাজুবাদামের আধুনিক চাষাবাদ, পরিচর্যা, রোগবালাই দমন, সংগ্রহোত্তর ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় কৃষকদের মাঝে বারি উদ্ভাবিত উন্নত জাতের বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।