রাঙামাটিতে রমজান ঘিরে বাজার মনিটরিং, দুই ব্যবসায়ীকে জরিমানা

রাঙামাটি প্রতিনিধি:

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে রাঙামাটি সদরের তবলছড়ি ও রিজার্ভবাজার এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পরিচালিত এ অভিযানে অনিয়মের দায়ে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাজারে নিত্যপণ্যের মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ, অতিরিক্ত মূল্য আদায় এবং মজুত পরিস্থিতি পর্যালোচনা করতে এ তদারকি অভিযান চালানো হয়। অভিযানে পণ্যের মূল্যতালিকা সঠিকভাবে প্রদর্শন না করা এবং নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অর্থদণ্ড করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, রমজান মাসে ভোগ্যপণ্যের চাহিদা বৃদ্ধি পায়। এ সময় অসাধু ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায় করতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়।

অভিযান চলাকালে ক্রেতাদেরও সচেতন থাকার পরামর্শ দেওয়া হয় এবং কোনো অনিয়ম চোখে পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়।

প্রশাসনের এ ধরনের তদারকি কার্যক্রমে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। রমজানজুড়ে বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে এ অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে বলেও সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।

রাংগামাটি প্রতিনিধি
+ posts

Similar Posts

Leave a Reply