কাপ্তাইয়ে বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, ৩.৫ টন চাল বিতরণ
নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নে টানা ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ত্রাণ হিসেবে সাড়ে ৩ টন (৩,৫০০ কেজি) চাল বিতরণ করা হয়েছে।
রোববার (২ আগস্ট) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের সার্বিক নির্দেশনা এবং জেলা পরিষদের সদস্য ক্যওসিংমং চৌধুরীর তত্ত্বাবধানে ইউনিয়ন পরিষদের মাধ্যমে চাল বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চাল তুলে দেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমদ। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব এবং সরকারের বরাদ্দকৃত ত্রাণ প্রকৃত উপকারভোগীদের মধ্যে স্বচ্ছতার সঙ্গে বিতরণ করা হচ্ছে।
এ সময় উপজেলা শ্রমিক দলের সভাপতি ফয়েজ আহমদ, উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।